আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহে বরুণ কুমার ঘোষ (৪০) নামে আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৭ টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত বরুণ কুমার ঘোষ শহরের হামদহ ঘোষপাড়ার নরেন ঘোষের ছেলে। সে একজন ঠিকাদারী ছিল বলেও জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে শহরের ঘোষপাড়া মোড়ে আসে বরুণ ঘোষ। সেসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে মারা যান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বরুণ ঘোষ হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।