Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৪ , ৩:৪১ অপরাহ্ণ

নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোণা শহরের বিলপাড় এলাকায় নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টায় শহরের নিউটাউন বিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধার নাম জোছনা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

এ ঘটনায় শহরের নিউটাউন এলাকায় ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, শহরের পূর্বচকপাড়ার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও জেলা সদরের কামাল হোসেনের ছেলে রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া ও এক ছেলে বরিশালে থাকেন। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। ১০ দিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশালে যান। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসাটিতে একাই ছিলেন। সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন