আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবারই অনুষ্ঠিত হবে। যদিও এর আগে বৃহস্পতিবার শপথের কথা জানা গিয়েছিল। এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।
মঙ্গলবার চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এর আগে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে।
শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ইতোমধ্যে শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।