আজকালের কন্ঠ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার-সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বশির চৌকিদার (৫৫), মো. মিজানুর রহমান (৫০), শিপন (৪০), ইদ্রিস প্যাদা (৬৪), মো. সোহেল (৪২), মিজানুর রহমান হাওলাদার (৪৮) ও আকিব (২৪)। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় বশির চৌকিদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশে রওনা দেয় নৌকার সমর্থকরা। এ সময় ওই বাজার-সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।