আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বেসরকারি ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন।
জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।
এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।