আজকালের কন্ঠ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যস্ত সময় পার করছেন। তিনি নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
২০১১ সালের ডিসেম্বর থেকে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী-৫ আসনের বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের তিনি ভোটার। আগামীকাল ৭ জানুয়ারি ভোট দিতে এলাকায় যাবেন তিনি। বড় রাজাপুরে তার বাড়ি সংলগ্ন উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেওয়ার কথা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ‘হেভিওয়েট’ প্রার্থী একমাত্র তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ এই আসনে ছিলেন। মওদুদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে দ্বাদশ জাতীয় নির্বাচনে এসে। এখন এ আসনে ওবায়দুল কাদেরের দিকে পাল্লা ভারী। তবে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেলও আছেন আলোচনায়। তিনি নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের মামলার কৌঁসুলির দায়িত্বে আছেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৩৮৮ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ১৩২টি।