Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ১১:০৭ পূর্বাহ্ণ

ভোটকেন্দ্রসহ দুই স্কুলে অগ্নিসংযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেইট এলাকায় টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এ হাইস্কুলে অগ্নিসংযোগ করেছে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওসমান আলী। আগুনে টিএন্ডটি হাইস্কুলের শ্রেণি ও অফিসকক্ষসহ ৯টি কক্ষ ও কক্ষে থাকা কম্পিউটার-টিভি ছাড়াও বইপত্রসহ বিভিন্ন মালামাল এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারীতে থাকা বইপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

টিএন্ডটি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাত ২টা ৪০মিনিটে স্কুলের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছেন। পরে তিনি স্থানীয় ফায়ারস্টেশনসহ এলাকার লোকজনকে খবর দিয়ে স্কুলে গিয়ে আগুন জ্বলতে দেখতে পান। মুহুর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে স্কুলটির ৯টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ১টি ৪টা আলমারী, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

গত জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে এখানে ভোট কেন্দ্র থাকলেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়নি। এমপিওভুক্ত এ স্কুলটিতে প্রায় সাতশ’র মতো শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক রয়েছে। এমতাবস্থায় কিভাবে এখানে শিক্ষা কার্যক্রম চালাবেন এনিয়ে ভেঙ্গে পড়েন প্রধান শিক্ষক ওসমান আলী।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ-আল-আরেফিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, একইরাত সোয়া ১টার দিকে দূদুর্বৃত্তরা গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের একটি জানালা দিয়ে ভেতরে থাকা আলমারীতে পেট্রোল ও আগুন ছুড়ে পালিয়ে গেছে। আগুন দ্রুত আলমারিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন ও গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে এ স্কুলের আলমারীতে থাকা বইপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে। এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে।

প্রিন্ট করুন