স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় জালিয়াতির অভিযোগে কয়েক দিন আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
এবার আবেদন পর্যালোচনা করে বিকেএসপি’র শাস্তি প্রত্যাহার করেছে বাফুফের আপিল কমিটি। বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে আব্দুল মুয়ীদ চৌধুরির নেতৃত্বাধীন আপিল কমিটি।
চলতি মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। সেই দলে খেলেন বিকেএসপির তিন ফুটবলার। কিন্তু চুক্তিবদ্ধ হওয়া তিন ফুটবলার নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার করে খেলেন। চকবাজারের সঙ্গে বিকেএসপি’র তিন ফুটবলারের নাম ছিল নাইমুর রহমান, হাসান মিয়া ও মো. জিফাত।