Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ

রাজিফা সেশন ফির টাকা না দেওয়ায় বই পায়নি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রতিশ্রুতি সরকারের। কিন্তু সেশন ফি ও ফরম পূরণের টাকা না দেওয়ায় নতুন বই দেওয়া হয় নি নওগাঁর রাজিফাকে। বই না পেয়ে কান্না করতে করতে মায়ের কাছে অভিযোগ তার। কিন্তু বই দেওয়ার সময় সেশন ফি বা ফরম পূরণের টাকা জমা দেওয়ার কোনো নিয়ম নাই কোনো প্রতিষ্ঠানে বলছেন সংশ্লিষ্টরা।

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা উচ্চ বিদ্যালয়ে পহেলা জানুয়ারি বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এমপিও ভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৩০ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণিতে প্রায় ১১০০ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। শ্রেণি অনুযায়ী বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষার্থীর কাছে থেকে ৫০০-৭৫০ টাকা নেওয়ার অভিযোগ করেন তারা। যারা দিতে পারে নি তাদের বই না দেওয়ার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজী হাট এলাকায় দিনমজুর মাকে নিয়ে বসবাস করেন রাইগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. রাজিফা আখতার। তার মা শাহিদা আক্তার খাবার হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে মেয়েকে উচ্চ শিক্ষিত করার চেষ্টায় আছে।

রাজিফা জানায়, শিক্ষকরা তাকে সেশন ফির টাকা ছাড়া এ বছরের নতুন বই দেয় নি। মাকে নিয়ে দ্বিতীয় দিনের মত ২ জানুয়ারি স্কুলে গিয়ে টাকা দিতে না পারায় তাকে নতুন বই দেওয়া হয় নি। মাকে নিয়ে শিক্ষকদের এ ঘরে ওই ঘরে গিয়েও কোনো লাভ হয় নি।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ শিক্ষার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও এর সদউত্তর দিতে পারেন নি। অপরদিকে বিদ্যালয়টির সভাপতি অসিত চন্দ্র ঘটনাটির সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এ দিকে বিষয়টি নিয়ে নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, সেশন ফি এবং ফরম ফিলাপ এর সঙ্গে বই বিতরণের কোনো সম্পর্ক নাই। সরকার নির্ধারিত রেটে সেশন ফি এবং ফরম ফিলাপ এর নিয়ম আছে তবে বইকে কেন্দ্র করে নয়।

প্রিন্ট করুন