আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের ৬২ জেলায় একযোগে মাঠে নামতে যাচ্ছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ভোটগ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সশস্ত্র বাহিনী।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। এ ছাড়াও সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
ভোলা ও বরগুনা এই দুই উপকূলীয় জেলাসহ সর্বমোট ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। আর দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে বিমানবাহিনী। এ ছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।