মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : নির্বাচনী প্রচার–প্রচারণার সময় শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৭ নেতাকর্মী আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও নড়িয়া মাজেদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় নড়িয়া উপজেলা মূলফৎগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল খলিফা (৪৭), নজরুল ইসলাম বেপারী (৬০), রহিম খন্দকার (৩৬), রশিদ চৌকিদার (৪০), আব্দুল মান্নান বেপারী (৬৫) সুমন মোড়ল (৩০) ও মহিদুল বেপারী (৩৭) ।
আহতরা স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর কর্মী–সমর্থক।
জানা গেছে, আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী একেএম এনামুল হক শামীম। আর স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। এখানে মোট ১০ জন প্রার্থী আছেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের দাবি শনিবার সন্ধ্যায় তারা নড়িয়া বাঁশতলা থেকে একটি ঈগল প্রতীকের মিছিল নিয়ে মূলফৎগঞ্জ বাজার এলাকায় যাচ্ছিলেন। মিছিলটি মূলফৎগঞ্জ বাজার ব্রিজে পৌঁছুলে নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র দেখিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের মিছিলে হামলা চালায়। হামলায় ৭ নেতাকর্মী আহত হয়।
এদিকে নৌকার সমর্থকরা বলছেন, নিজেরা মারামারি করে আহত হয়ে দোষ চাপাচ্ছেন তাদের ওপর। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, ‘আজ বিকেল ৫টার দিকে নড়িয়া পৌরসভা বাঁশতলা গ্রামে ঈগল প্রতীকের পূর্বনির্ধারিত জনসংযোগ ও মিছিল ছিল। মিছিলটা যখন শুরু হয় তখন নৌকার সমর্থকরা ২০–২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমার মনে হচ্ছে তারা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। কারণ এখন তাদের পরাজয় সময়ের অপেক্ষা মাত্র। ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসতে পারে তাহলে আমাদের বিজয় নিশ্চিত, তা তারা বুঝতে পেরেছে। তাই এমন ঘটনা ঘটাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।
তবে, আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী এনামুল হক শামীমের প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আমাদের সমর্থকরা এমন ঘটনার সঙ্গে জড়িত নয়। ঈগল প্রতীকের সমর্থকরা নিজেরা মারামারি করে আহত হয়ে দোষ চাপাচ্ছেন আমাদের ওপর।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।