স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে ইনিংসের ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর প্রায় ১ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনও বৃষ্টি থামেনি। ফলে ম্যাচের ফলাফল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বে ওভালে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান। ২৪ বলে ১৮ রানে অপরাজিত ড্যারেল মিচেল, ১৪ বলে ৯ রান করে ব্যাটিং করছেন গ্লেন ফিলিপস।
এই ম্যাচে ফলাফল বের করার জন্য নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বাংলাদেশকে অন্তত ৫ ওভার ব্যাটিং করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা হবে ৪৬ রানের। আর যদি ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ তাহলে লক্ষ্যমাত্রা হবে ৮৫ রানের।
তবে বাংলাদেশ সময় ৩টা ২৮ মিনিটের মধ্যে যদি খেলা পুনরায় চালু করা সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে একই ভেন্যুতে আগামী ৩১ ডিসেম্বর শেষ ম্যাচটি হয়ে দাঁড়াবে সিরিজ নির্ধারণী।
এদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।