আজকালের কন্ঠ ডেস্ক :- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৫টি দেশ থেকে ১৮০ জন ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সেহেলী সাবরীন বলেন, ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এ ছাড়াও, বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সামনে নির্বাচন অবশ্যই এসব ইস্যু আছে। আরও অনেক ইস্যু আছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।