আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরের সিনিয়র সহকারী জজ আদালত (কোর্ট) ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত দুই যুবক হলেন, উপজেলার নলজোড়া গ্রামের মো. মজিবুরের ছেলে রাজন (৩৯) ও একই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চৌকি আদালত প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস তালুকদারের আচরণ বিধি লঙ্ঘনের (অভিযোগ নং ০৪/২৩) শুনানি চলাকালীন সময় সিসিটিভি ক্যামেরায় আদালত প্রাঙ্গনে দুইজন যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সহকারী সিনিয়র জজ সোলায়মান কবীর। তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই দুই যুবককে তল্লাশি করে তাদের মোটরসাইকেলে থাকা ৩ ফুট ৪ ইঞ্চি লম্বা দেশীয় দাঁড়ালো অস্ত্র ও লোহার দুইটি পাইব উদ্ধারসহ দুইজনকে আটক করে। পরে দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানা একটি মামলা দায়ের করে। মামলা নং ১৮।