Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ১০:৩০ পূর্বাহ্ণ

গাজা-ফিলিস্তিনের মতো কাশ্মীরের পরিস্থিতিও হবে: ফারুক আবদুল্লাহ

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। রাজনৈতিক আলোচনা শুরু না হলে জম্মু-কাশ্মীরের ভাগ্যও গাজা-ফিলিস্তিনের মতো হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রশাসিত এই অঞ্চলের রাজধানী শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফারুক আবদুল্লাহ বলেন, দুই দেশ রাজনৈতিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান না করলে কাশ্মীরের পরিস্থিতি গাজা বা প্যালেস্টাইনের মতো হবে। জঙ্গি হামলায় ৪ জওয়ানের মৃত্যু ও পুঞ্চে ৩ সাধারণ নাগরিকের মৃত্যুর পর এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কাশ্মীর সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নীতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা বন্ধু বদল করতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না। প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকলে দুজনেরই উন্নতি হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনো সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন তাদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে? যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইসরায়েল।’

ফারুক আবদুল্লার ওই মন্তব্যর পরেই সরব হয় বিজেপি। উপত্যকার বিজেপি নেত্রী হিনা শাফি ভাট বলেন, ‘ফারুক আবদুল্লার মতো প্রবীণ নেতার মুখে পাকিস্তানের সঙ্গে আপস করার কথা মানায় না। এই সরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না।’

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ডেরা কি গালি (ডিকেজি) এর কাছে দুটি সেনা গাড়িতে জঙ্গি হামলায় ভারতের চার সেনা জওয়ান নিহত হয়। এরপর জঙ্গি হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনী স্থানীয় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

প্রিন্ট করুন