আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ডাকা ১২তম দফার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। তবে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে শুরু হওয়া অবরোধ সন্ধ্যা ৬ পর্যন্ত চলবে।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষণা দিয়ে রিজভী বলেন, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামী নির্বাচন বর্জন করার আহবান জানাচ্ছি। জনগণের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সফল হবে না। শুধু নিজেদের অনুপস্থিতি দিয়ে গণতন্ত্রকামী জনগণ নির্বাচনের নামে এই নোংরা খেলা ব্যর্থ করে দেবেন। ফলে শিগগিরই জনগণের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এদিকে ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শনিবার শেষ হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর, ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর, সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর এবং অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি। নবম দফায় (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলে অবরোধ। ১০ম দফায় ৬ ডিসেম্বর (বুধবার) ভোর থেকে অবরোধ শুরু হয়, তা শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টায় পর্যন্ত চলবে। এছাড়া ১১তম দফায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ ডাকে বিএনপি। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত বিএনপি- জামায়াতসহ বিরোধীদল ও জোটের ১২ ঘণ্টার সকাল- সন্ধ্যা হরতাল চলে। এবার (২৪ ডিসেম্বর) ১২তম দফায় এই অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।