আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদকেকে কারণ শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।
এর আগে বৃহস্পতিবার ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন সাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। এ ছাড়া ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেন, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ৬(ঘ) এবং ৮ (ক) বিধি লঙ্ঘন। ঢাকা-১৯ আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এ সংক্রান্ত একটি প্রতিবেদন সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি পেয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে আগামী ২৬ ডিসেম্বর ১০টার সময় ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।