Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৩ , ১২:২২ অপরাহ্ণ

উত্তরা এক্সপ্রেসসহ ২ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। ট্রেনটির নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

প্রিন্ট করুন