স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলের ১৭তম আসরে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত পরশু দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ২ কোটি রুপিতে ফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। ওইদিন দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন এই টাইগার পেসার।
চেন্নাইয়ের দলে থাকলেও মোস্তাফিজ একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, পাথিরানার দারুণ বিকল্প হতে পারেন মোস্তাফিজ। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে ফিজ দারুণ পারফরম্যান্স করবে বলেও মনে করেন ইরফান।
ইতোমধ্যেই চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বিদেশি পেসার হিসেবে পাথিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই।
চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ৮ জন। সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে।