আজকালের কন্ঠ ডেস্ক : বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শফিউল আজিম বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিমানের ট্রেনিং সেন্টারে আয়োজিত এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের ফ্লাগশিপ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি।
শফিউল আজিম জানান, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এরই মধ্যে ৭০০ কোটি টাকার উপকরণ কেনা হয়েছে এবং আরও ৩০০ কোটি টাকার উপকরণ কেনা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জনবল ট্রেনিং দেওয়া হচ্ছে। সেবার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাছাড়া হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্য দেশের পাইলটরাও ঢাকায় ট্রেনিং নিতে পারবেন জানিয়ে তিনি বলেন, পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য নিজস্বভাবে ইন্সটিটিউট করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
বিমানের জন্য যেটি টেকসই ও লাভজনক হবে, সেই কোম্পানি থেকে নতুন বিমান কেনা হবে জানিয়ে বিমানের এমডি বলেন, কোড শেয়ারিংয়ের মাধ্যমে ফ্লিট পরিধি বাড়ানো হচ্ছে। লিজ নেওয়া ড্যাশ-৮ বিমান কিনে নেওয়া হয়েছে। এটি এখন বিমান বহরে যোগ দিয়েছে।
নিয়োগ প্রসঙ্গে বলেন, ১০০ কেবিন ক্রু নিয়োগ দেওয়া হয়েছে। আরও নিয়োগের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন তিনি।