আজকালের কন্ঠ ডেস্ক : তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের নতুন রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, মানুষের ওপর যারা আক্রমণ করে তাদের মনুষ্যত্ববোধ আছে কি না সন্দেহের অবকাশ রয়েছে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে সরকার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে বলে আশা করি।
সুপ্রিম কোর্টের জন্য ২৭৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নতুন রেকর্ড ভবন নির্মাণ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এতদিন কোনো রেকর্ড শাখা ছিল না। এটি নির্মাণ করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধান বিচারপতি।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।