আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মরদেহ দুটির মধ্যে একটি ঘটনাস্থলের পাশেই, অপরটি টঙ্গীবাড়ি উপজেলার চৌসার গ্রামের পদ্মা নদী এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহ দুটি উদ্ধার করে হাসাইল বাজার এলাকায় নিয়ে আসেন। এ সময় নিহতের স্বজনরা মরদেহ দেখে শনাক্ত করেন।
উদ্ধার হওয়া মরদেহ দুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ খান (৫০) ও রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার মাহফুজুর রহমানের (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদরের চর আবদুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান।