আজকালের কন্ঠ ডেস্ক : সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এরমধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে তারা গুলি চালায়। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকবাহী গাড়িগুলোকে উদ্ধার করেছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে পর্যটকবাহী গাড়িগুলো।