আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার চাটমোহরে নিখোঁজের পরদিন পুকুর থেকে রেজাউল করিম (৪১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুয়াখড়া বেনি তালুকদারের মোড়ের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেজাউল করিম চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া এলাকার আফজাল প্রামাণিকের ছেলে। পেশায় ভ্যানচালক।
মৃতের ছেলে রাসেল প্রামাণিক বলেন, বাবা বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বের হয়। সকাল পর্যন্ত বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি করা হয়। পরে গুয়াখড়া বেনি তালুকদারের মোড়ে একটি পুকুরে ভ্যানসহ মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। রাসেল তার বাবার মরদেহ শনাক্ত করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শুক্রবার সকালে পুকুর থেকে ভ্যানসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।