আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষে ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৮ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। ইতোমধ্যে বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করেছে।
প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। শ্রীপুরের বনখড়িয়া চিলাই নদীর ব্রিজের কাছে আসামাত্রই ভোর সাড়ে ৪টায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।