আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে নেমেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অবস্থা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ৮টায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।