আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর পৌর শহরের কাথুলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
আহতরা হলো সদর উপজেলার মনোহরপুর গ্রামের মিঠুর ছেলে মোসাদ্দেক, পৌর কলেজ পাড়ার শাহাবুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, চকশ্যামনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিদ এবং আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ। আহত মোসাদ্দেকের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।