Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৩, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ

নির্বাচন বন্ধের ষড়যন্ত্র : কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব কার্যক্রম করা হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।

তিনি আরও বলেন, অনেকে ভেবেছিল যে, বড় একটা দল না থাকায় নির্বাচনের পরিবেশ ম্লান হয়ে যাবে। ভোটার উপস্থিতি থাকবে না। ভোট উপলক্ষে সারাদেশে জাগরণের ঢেউ থাকবে না। এখন পর্যন্ত আমরা জানি, নির্বাচনকেন্দ্রিক উৎসবমুখর পরিবেশ দেশে অব্যাহত রয়েছে। ৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে একটা ভালো নির্বাচন হবে। আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এই ইলেকশনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে।

তিনি বলেন, অনেকে অনেক কথা বলবেন আমাদের অ্যালায়েন্স নিয়ে, জোট নিয়ে। বিভিন্ন ধরনের শঙ্কা, গুঞ্জন, গুজব আছে। গুজব তো এখন আমাদের রাজনীতির অংশই হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সতর্ক আছি, গুজব-গুঞ্জন এবং সন্ত্রাস-সহিংসতা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা বিচলিত হব না। আমরা জেনেশুনেই এ চ্যালেঞ্জ অতিক্রম করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি।

 

প্রিন্ট করুন