আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার সর্বাত্মক অবরোধে গত ২৪ ঘণ্টায় ৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আগের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।
এ সময় ২টি বাস, একটি ট্রাক ও একটি পিকআপে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ১২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক একটি বাসে আগুন লাগে। এরপর দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন লাগে। সর্বশেষ ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্তকর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।