Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৩ , ৪:০৪ অপরাহ্ণ

গাজার ২৫০ স্থানে আক্রমণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের বক্তব্য, পৃথিবীর ওপর নরকের চেহারায় পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। আরও সাহায্যের প্রয়োজন। যতদিন যাচ্ছে গাজা স্ট্রিপে পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের গাজা স্ট্রিপ সংক্রান্ত সংগঠনের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৃথিবীর বুকে একখণ্ড নরকে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের প্রধান আন্তনিও গুতেরেস বলেছেন, গাজার পরিস্থিতি প্রমাণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্যারালাইসড হয়ে পড়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ২৫০টি জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এর মধ্যে বেশ কিছু সুড়ঙ্গও আছে।

ইসরয়ালে এবং মিশর দুই দিক থেকেই গাজা স্ট্রিপ অবরুদ্ধ করে রাখা হয়েছে। অতি সামান্য মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-র এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গাজায় আরো মানবিক সাহায্য পাঠাতে হবে। এখন যে সাহায্য পৌঁছাচ্ছে, তা নিতান্তই কম বলে তাদের দাবি।

কানাডা অবশ্য ডাব্লিউএইচও-র সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এটি একটি আপসমূলক সিদ্ধান্ত। হামাসের বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি সিদ্ধান্তে। আরও সরাসরি এর বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া। তাদের বক্তব্য, ৭ অক্টোবরের কোনও কথাই উল্লেখ করা হয়নি সিদ্ধান্তে। অথচ ৭ অক্টোবর হামাসের কাজের পরিপ্রেক্ষিতেই এই গোটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত ডাব্লিউএইচও-র পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার হামাস নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাদের এবার আত্মসমর্পণ করা উচিত। তার বক্তব্য, গত এক সপ্তাহে বেশ কিছু হামাস সদস্য ইসরায়েলের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, এই লড়াই আসলে হামাসকে শেষ করার লড়াই। আত্মসমর্পণ করলে তারা প্রাণে অন্তত বেঁচে যাবে।

 

প্রিন্ট করুন