স্পোর্টস ডেস্ক : আকাশ মেঘলা থাকলেও সকালেই বৃষ্টি থেমেছে। ক্রিকেটারদের অনেকেই ফুটবল খেলে গা গরম করেছেন। অন্যরা আবারও মাঠে অন্যপ্রান্তে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন। তবে ভেজা আউটফিল্ডের কারণে শুরু হতে দেরি হয় মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা।
শুক্রবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা এখনও হয়নি। তৃতীয় দিনেও মিরপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরেছে। তৃতীয় দিনে ৯৮ ওভার বল মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না।
বেলা ১১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর জানিয়েছেন, বেলা ১২টায় খেলা শুরু হবে।
প্রথম দিন, টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।