আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) হয়ে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শিল্পী ডলি সায়ন্তনী।
সেই অনুযায়ী মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন। আর তাই মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
এদিকে এই জনপ্রিয় কণ্ঠ শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেন, ইতোমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমার নতুন একটি জীবন শুরু হতে যাচ্ছে। এতোদিন আপনারা আমার গান শুনেছেন, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি আজকে ডলি সায়ন্তনী।
এখন নতুন একটি পথে আমি পা দিচ্ছি। সেটি হলো আমার জন্মস্থান থেকে এমপি নির্বাচন করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) থেকে নির্বাচন করতে যাচ্ছি এবং আমি পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ)’র মনোনিত প্রার্থী। আমি দলটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছি। জানি না আপনারা আমাকে কিভাবে মানসিক সাপোর্ট দিবেন। যে সাপোর্ট আপনারা শিল্পী ডলি সায়ন্তনীকে দিয়ে এসেছেন আমি চাই সেই রকম সাপোর্টটা রাজনীতির ক্ষেত্রেও আমাকে দিবেন।