আজকালের কন্ঠ ডেস্ক : লিবিয়ার ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় বুধবার (৬ ডিসেম্বর) সকালে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম’র কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আইওএম’র পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শিগগিরিই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।
এ নিয়ে সর্বশেষ তিনটি চার্টার্ড ফ্লাইটে মোট ৩৯৮ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত আনা হলো।