Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৩ , ৩:৪৩ অপরাহ্ণ

স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দিন ধরে পানি নেই, ভোগান্তিতে রোগীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে চরম দুর্ভোগে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত ৬ দিন ধরে বিকল।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ-মহিলা ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়ছে না। রোগী ও তাদের স্বজনরা বাইরের দোকান, পুকুর ও টিউবওয়েলের পানি আনতে ব্যস্ত।

পানি সংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সব মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুরে সেখানে ভর্তি হন চরচান্দিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকার বাসিন্দা তিনি বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

এ ছাড়া চিকিৎসা নিতে আসা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের রোগী আকলিমা বেগম (২৮) বলেন, আমাদের পানি না হলে চলে না। পানির অভাবে খুব কষ্ট হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, গত ৬ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে পানি নেই। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে।

 

প্রিন্ট করুন