Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৩ , ১:০০ অপরাহ্ণ

উল্লাপাড়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাকে দেখে আসার পরে মারা গেছেন ছোট ভাইও। তাদের এমন মৃত্যুতে পরিবার ছাড়াও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় বনবাড়িয়া নুরানি মাদরাসায় তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।

নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এ জি এম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার (৮৩) ও তার ছোট ভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি। এরপর তার মৃত্যুর খবর শুনে বড় ভাইকে দেখতে যান ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদার। তাকে দেখে আসার ঘণ্টাখানেক পর রাত ১১টার দিকে স্ট্রোক করে মারা যান তিনিও।

প্রিন্ট করুন