Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১, ২০২৩ , ১১:৫০ পূর্বাহ্ণ

মুকুটে নতুন পালক শাহরুখকন্যার

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই অভিনেত্রী হিসাবে সিনেমার পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখকন্যা সুহানা খানের। ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জোয়া আখতার।

জানা গেছে, আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ’। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সুহানা। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, গায়িকা হিসাবেও অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর। ‘দি আর্চিজ’ সিনেমাতেই একটি গান গেয়েছেন শাহরুখ-কন্যা।

সদ্যই মুক্তি পেয়েছে ‘দি আর্চিজ’র নতুন গান ‘যাব তুম না থি’। আর এই গানের কণ্ঠ দিয়েছেন সুহানা। বলিউডের জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়-এর সুরে গানটি গেয়েছেন তিনি। গানে সুহানার পাশাপাশি আরও কণ্ঠ দিয়েছেন ডট, তেজস, এমনকি, জাভেদ আখতারের মতো বর্ষীয়ান শিল্পীও।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লেখেন, ‘আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জ়োয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’

‘দি আর্চিজ’ সিনেমায় অভিনয় করার জন্য স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণও নিয়েছেন সুহানা ও বাকি কলাকুশলীরা। এমনকি স্কেটিং জুতো পরে মসৃণ মেঝেতে নাচের মহড়া দিতে গিয়ে বার বার উল্টেও পড়েছেন তারা। কিন্তু হাল ছাড়েননি সুহানা। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।

শুধু স্কেটিংই নয়, এই সিনেমার জন্য ব্যালে নাচও শিখেছেন সুহানা। ব্যালে শিখতে গিয়ে মাটিতে পড়ে অনেক আঘাতও পেয়েছেন। বাবার মতোই নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমেই বলিউডে নিজের জায়গা তৈরি করতে চান সুহানা। আর তাই নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে কোনো খামতিও রাখছেন না শাহরুখকন্যা।

সূত্র : আনন্দবাজার

প্রিন্ট করুন