মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা।
সোবহানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম। তিনি মাদারীপুর রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক।তাঁকে মনোনয়ন দেওয়ায় গত রোববার রাত আটটার দিকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে কালকিনি উপজেলা আওয়ামী লীগ।
এতে তাহমিনা বেগম নিজেই নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কালকিনির পুরানবাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এ সময় নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয় তাহমিনা বেগম। তাহমিনা বেগম বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এ
বয়সে আমার নির্বাচনে আসতে হবে, এটা আমার জন্য কষ্টের।অন্যায়কারী, শোষণকারী, দুর্নীতিবাজ গোলাপকে আমরা চাই না।বর্তমান নৌকার মাঝি দুর্নীতিবাজ। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে কলঙ্কিত করেছেন।
মাদারীপুর-৩ আসনে নির্বাচন করার জন্য ৬জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে সে তালিকায় তাহমিনা বেগমের নাম ছিল না।
দলীয় সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনের জন্য উপজেলা ও জেলা আওয়ামী লীগ থেকে এই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম এককভাবে প্রস্তাব করা হয়। পরে এই আসনের জন্য তাঁর পক্ষে নেতা-কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া এ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির
সদস্য আনোয়ার হোসেন এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাই সৈয়দ আবুল হাসানসহ ৬জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে দল আবদুস সোবহানকেই মনোনীত করে।