আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মাহাদিয়াত রহমান ইলা (১৮) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে জানা যায় এ তথ্য। তার এ ফলাফল দেখে নির্বাক মা-বাবা ও পরিবারের সদস্যরা।
জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন ইলা। গত ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকা থেকে ফেনীতে চলে আসেন। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এক চিকিৎসকের তত্ত্বাবধানে ফেনী সদরে নিজ বাড়িতে থেকে মাহাদিয়াতের চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেক পরই তার মৃত্যু হয়।
ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের একমাত্র মেয়ে। মেয়ের ফলাফলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।