আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চারদিনের যুদ্ধবিরতির তৃতীয়দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। রোববার (২৬ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক।
আন্তর্জাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামাস নিশ্চিত করেছে তারা ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে রাশিয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। আর এ কারণেই ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসঙ্গতি দেখা যাচ্ছে। ওই ইসরায়েলি-রাশিয়ানকেও ইসরায়েলি হিসেবে ধরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিরতির তৃতীয়দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার হামাস যে ১৭ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে আবিগালি ইদান নামের চার বছরের একটি শিশু রয়েছে। শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক বলেও জানায় সংবাদ মাধ্যমটি।
তার মুক্তির মাধ্যমে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবার কোনো আমেরিকান নাগরিক হামাসের কাছ থেকে ছাড়া পেল।