Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ

৯৯৯ নম্বরে ফোন কলে গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন কলে রাজধানীর ধানমন্ডি থেকে নির্যাতনের শিকার সুমি নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০/বি নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই গৃহকর্মী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।’

৯৯৯ কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ ওই গৃহকর্মীর আকুতি শুনে তাৎক্ষণিক ধানমন্ডি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান। পরে ৯৯৯ ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খবর নিতে থাকেন।

আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমি (২০) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে অভিভাবকদের ডেকে সুমিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে, এ বিষয়ে গৃহকর্মী সুমি এবং তার বাবা-মা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনীহা প্রকাশ করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ধানমন্ডি থানার এএসআই শামসুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রিন্ট করুন