Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ

পর্যটন শিল্পের বিকাশে পারস্পরিক স্বার্থে বাংলাদেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পর্যটন শিল্পের বিকাশে পারস্পরিক স্বার্থে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে।’

সোমবার (২০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর। এ সময় প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বৈঠকে পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুকেও শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘পর্যটন শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারে।’

মালদ্বীপের রাষ্ট্রদূত ঢাকায় দায়িত্ব পালনে তার সরকারের সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার মেয়াদে মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

 

প্রিন্ট করুন