Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ

আটকে পড়া ৪০০ পর্যটক ফিরবেন বিকেলে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের চলাচল ফের শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা ও বেলা ১১টার দিকে পর্যটকবাহী দুটি জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। বিকেলের মধ্যে জাহাজ দুটি দ্বীপে আটকে পড়া চার শতাধিক পর্যটক নিয়ে টেকনাফে ফিরে আসবে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

মো. আদনান চৌধুরী জানান, আজ সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৬২ জন পর্যটক নিয়ে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ ছেড়ে যায়। বেলা ১১টার দিকে এমভি বার আউলিয়া জাহাজটি একই ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। জাহাজ দুটি দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, গত মঙ্গল ও বুধবার বেড়াতে আসা চার শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিলেন। জাহাজ দুটিতে করে সেন্টমার্টিন থেকে চার শতাধিক পর্যটক বিকেলের মধ্যে ফিরবেন।

এদিকে দ্বীপে আটকা পড়া চার শতাধিক পর্যটকের কথা জানিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ পর্যটকেরা টেকনাফের উদ্দেশে দুটি জাহাজে করে রওনা হয়েছেন।

প্রিন্ট করুন