সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘট আজ শুরু | Daily AjKaler Kontho

সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘট আজ শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘট আজ শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : বেশকিছু দাবি আদায়ের লক্ষ্যে এবার স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন সরকারি মেডিকেল টেকনোলজিস্টরা।আজ রোববার এ কর্মসূচি শুরু হবে। শনিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো দাবি সংবলিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে টেকনোলজিস্ট নিয়োগে অনিয়মের ঘটনায় দুর্নীতি দমন কমিশন অভিযোগ গঠন করেছে।

টেকনোলজিস্টদের দাবিগুলো হল– বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) চাকরির শুরুতে দশম গ্রেড প্রদান, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স মার্জনা করে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিলকরণ এবং এ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, স্বেচ্ছাসেবক/অস্থায়ী ভিত্তিতে/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, প্রধানমন্ত্রীর নির্দেশে সৃজিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি মোতাবেক নিয়োগ প্রদান, সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেয়া।এছাড়াও তাদের আরও বেশ কিছু দাবি রয়েছে।

চিঠিতে বলা হয়, এসব দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য পরিচালকসহ (প্রশাসন) আপনার বরাবর একাধিকবার আবেদন পেশ এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ ও সারা বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে।তারপরও দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমনকি দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণেও আশানুরূপ উদ্যোগ পরিলক্ষিত হয়নি।জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্টরা আপাতত কয়েক দিন দুই ঘণ্টা করে অবস্থান ধর্মঘট পালন করবেন। এর মধ্যে দাবি আদায় না হলে তারা পূর্ণ কর্মদিবস এ অবস্থান ধর্মঘট পালন করবেন।

 

আজকালের কন্ঠ/এম