আজকালের কন্ঠ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৪৪তম বাষির্কী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন- আগামী দিনগুলোতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর, সম্প্রসারিত ও জোরদার হবে।
শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ট বন্ধু ও আস্থাভাজন অংশীদার। আমাদের দুটি দেশ স্বাধীনতা ও গণতন্ত্রের নীতির অভিন্ন মূল্যবোধের মাধ্যমে ঐক্যবদ্ধ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক এক বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্বাধীনতা এবং গণতন্ত্রের নীতির অভিন্ন মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে দুটি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে পরস্পরের বড় অংশীদার। দু’দেশের সামাজিক নীতি ও মূল্যবোধের ভিত্তিতে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদার করেছি।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘ সময়ে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহায়তার বাইরেও বহুমুখী ও বিকশিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আজকালের কন্ঠ /এসকে