Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীর দিয়াড় মানিকচক (ডিএমসি) সীমান্তে বিএসএফের গুলিতে সমিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে দিয়াড় মানিকচক (ডিএমসি) সীমান্তের কাছে ঘাস কাটতে যায় উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল ইসলাম ওরফে হাসিবুরের ছেলে সমিরুল ইসলাম ওরফে সামিউল (১৫)। এ সময় ভারতীয় সীমান্তের চর আষাড়িয়াদহ ফাঁড়ির বিএসএফ জওয়ানরা সমিরুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কিশোর সমিরুল ইসলাম নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন। ঘটনার খবর পেয়ে দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোদাগাড়ীর ৯নং চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সমিরুল ওরফে সামিউল বৃহস্পতিবার সকালে ডিএমসি সীমান্তের ৫নং সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সমিরুল নিহত হয়। খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। তারা কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কিশোর সমিরুলের মরদেহ বিজিবি উদ্ধার করেছে বলে তিনি খবর পেয়েছেন। আইন অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তাহস্তর ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রিন্ট করুন