আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত, এই ছয়দিনে বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতালে দেশের ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৮ হাজার ৭০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার (৮ নভেম্বর) সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।
জয় তার ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত সংশ্লিষ্টরা। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। যা আমদানি এবং রপ্তানিকারক উভয়কেই অর্থনৈতিক সংকটের সময় ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রাজনীতি বিষয়ে ইংরেজি ভাষার বাংলাদেশি ব্লগ ‘বিডি অ্যানালিটিক’ এ প্রকাশিত একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করে জয় লেখেন, বাস এবং ট্রাক লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।