Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৩ , ১:০৯ অপরাহ্ণ

আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন : প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন।

উদ্বোধনের পরদিন অর্থাৎ রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শনিবার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।

এদিকে, রাজধানীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার মেট্রোরেল চলাচল করে। তবে, শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে উত্ত্রা-আগারগাঁও অংশে মেট্রোরেলে চলাচল বন্ধ রয়েছে।

গত ১ নভেম্বর র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষারিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

 

প্রিন্ট করুন