আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ফুটবলারদের আবারও ফিটনেস ধরে রাখার পরামর্শ দিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। বাফুফে ভবনে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন তিনি। এ সময় আর্থিক দিক বিবেচনায় দ্রুত লীগ শুরুর আহ্বান জানান ফুটবলাররা। সরকারের সিদ্ধান্ত এলেই মাঠে ফিরবে ফুটবল, আশ্বাস সালাউদ্দিনের। আর পরিস্থিতি বিবেচনায় লীগ শুরুর চেষ্টা করছে বাফুফে, জানালেন বাফুফে বস।
করোনাভাইরাসের কারণে থমকে গেছে দেশের ক্রীড়ঙ্গন। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবটা যেন ভালভাবেই পড়েছে দেশের ফুটবল অঙ্গনে। মাঠে ফুটবল নেই দীর্ঘদিন। খেলোয়াড়রাও ঘরে বসেই সময় পার করছেন। যদিও আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে। বলা যায়, ফুটবলারদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গত ১৩ জুন এক বার্তায় ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে উপদেশ দেন সালাউদ্দিন। যতই দিন যাচ্ছে দেশে করোনা মহামারী আকার ধারণ করছে। করোনার কঠিন সময়ে বাফুফের কর্মকর্তাসহ সব স্টাফরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বাফুফে ভবনে বৈঠক করেন বাফুফে সভাপতি। যেখানে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ফুটবলারদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দেন বাফুফে সভাপতি।
সালাউদ্দিন জানান, ‘পেশদার লীগ আর বাছাইপর্বের ফুটবল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। সরকার আমাদের অনুমতি দেয় কি না। আমরা যদি বাছাইপর্ব না খেলি, তাহলে আমাদের সাসপেন্ড করা হবে। এটা একটা দুশ্চিন্তার খবর। ফুটবলারদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পরামর্শ দিয়েছি তারা যেন শারীরিক ফিটনেস ধরে রাখে। করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত দেশের পেশাদার ফুটবল লীগগুলো। প্রায় চার মাস মাঠে ফুটবল নেই। পেশাদার ফুটবল লীগের সঙ্গে বাতিল হয়েছে প্র্রায় সব ফুটবল লীগ। এতে ফুটবলাররা আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন। তাই তো আগামী দুই-তিন মাসের মধ্যে লীগ শুরু করার আহ্বান জানান রানা-মামুনুলরা।
ফুটবলাররা জানান, তাদের আয়-রোজগারের মাধ্যমটা বন্ধ হয়ে গেছে। অনেক ফুটবলার টপ লেভেলে খেলছে, তারা হয় তো কিছুদিন চালিয়ে যেতে পারবে। পরিস্থিতি ভাল না হলে আর বসে থাকার উপায় নেই। এদিকে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় দেশে লীগ গড়ানো নির্ভর করছে বলে জানান সালাউদ্দিন। তারপরও সবকিছু ঠিক থাকলে দ্রুত লীগ শুরুর চেষ্টা করবে বাফুফে। বাফুফে সভাপতি জানান, লীগ তো হবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। আর পরিস্থিতি ভাল হলে দ্রুত লীগ শুরুর চেষ্টা করা হবে। করোনার ক্রান্তি কাটিয়ে পৃথিবী সুস্থ হয়ে উঠবে। সেই সঙ্গে আবারও ফুটবল অঙ্গন মুখরিত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সালাউদ্দিনের।
আজকালের কন্ঠ/কেএম