আজকালের কন্ঠ ডেস্ক : কোভিড-১৯ মহামারীর সময়ে হাসপাতালগুলোতে যেখানে অক্সিজেন সিলিন্ডারের সংকট, সেখানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী তা মজুদ করছেন। অক্সিজেন মজুদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিলিন্ডার মজুদ করে রেখে দেয়ার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের রোববার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
করোনার এই উদ্বেগের সময় অনুমাননির্ভর ওষুধ মজুদ না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে বলেও মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে।
মন্ত্রী হাসপাতাল মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চেয়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়ে আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে আওয়ামী লীগ।
করোনার এ সংকটে মিডিয়া তথা গণমাধ্যমকর্মীদের বেতনভাতা অব্যাহত রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমতো উদারতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
আজকালের কন্ঠ /এমএম