সরকারি চাল চুরি মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেদারপুর তার নিজ বাড়ি থেকে নূরে আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। দুপুরে আদালতে তোলা হলে বিচারক বরখাস্তকৃত চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেন।
নাম প্রকাশ না করার শর্তে নূরে আলমের এক ঘনিষ্টজন জানিয়েছেন, সোমবার রাতের যেকোনো সময় চেয়ারম্যান বাবুগঞ্জ থানায় আত্মসমর্পন করেন। সাংবাদিকরা যাতে বিষয়টি জানতে না পারে এজন্য সকল ধরনের গোপনীয়তা রক্ষা করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রাতে র্যাব-৮ সদস্যরা ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। এসময় টের পেয়ে চেয়ারম্যান ও তার দুই ভাই পালিয়ে যান। এ ঘটনায় র্যাব বাদী হয়ে চেয়ারম্যান নূরে আলম ও তার দুই ভাই শাহে আলম ও সামছুল আলম এবং ডিলার সেন্টু খানের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করে। ওই মামলা দায়েরের পর থেকেই নূরে আলম পলাতক ছিলেন।
এ ঘটনায় ২৩ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মমদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নূরে আলম জাটকা নিধণ থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করে কালো বাজারে বিক্রির উদ্দেশে তার বাড়িতে মজুদ করেন। জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করেন। তার অপরাধমূলক কর্মকান্ডের জন্য তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।